
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : জমি দখল ও সীমানা বিরোধের জেরে এক গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বেজুগালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
আহত গৃহবধূ কামরুজ্জাহান বেগম (৫০), স্থানীয় ইমামুল হোসেনের স্ত্রী। স্বামী কর্মসূত্রে ঢাকায় থাকেন এবং তাদের দুই ছেলেও ঢাকায় পড়াশোনা করেন।
ঘটনার পর রবিবার (৫ অক্টোবর) সকালে কামরুজ্জাহান বাদী হয়ে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান, প্রতিবেশী সমির উদ্দিন, মাইন উদ্দিন, মহিমা বেগম ও জান্নাত বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জায়গা নিয়ে বিরোধ চলছে। শনিবার সকাল ১০টার দিকে তার দখলীয় জমির গাছ কাটতে দেখে বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলে পড়ে।
কামরুজ্জাহানের ভাষ্য, “হঠাৎ আমার দিকে ছুটে এসে তারা কিল-ঘুষি মারতে থাকে। গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে সমির উদ্দিন আমার পায়ে দা দিয়ে কোপ মারলে আঙুল কাটাসহ মারাত্মক জখম হই। অন্যরা লাঠি ও ঘুষিতে আমাকে এলোপাতাড়ি মারধর করে।
তিনি আরও জানান, অভিযুক্তরা তাকে মাটিতে ফেলে চুল ধরে টেনে হেনস্তা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগীর দাবি, “অনেকদিন ধরে প্রভাবশালী প্রতিবেশীরা আমাকে উচ্ছেদের নানামুখী পাঁয়তারা চালাচ্ছে। অতীতেও তারা আমাকে বহুবার নির্যাতন করেছে, কিন্তু আমি কোনো বিচার পাইনি।”
এ বিষয়ে অভিযুক্ত সমির উদ্দিন বলেন, কামরুজ্জাহান আমার জায়গার গাছ কাটতে গেলে আমি বাঁধা দিই। এর বাইরে আর কিছু হয়নি।
হাতিয়া থানার এস আই আবদুল বারী জানান, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
আপনার মতামত লিখুন :