প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ অক্টোবর, ২০২৫

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও লুট হওয়া অর্থ ফেরতের দাবিতে বসুরহাটে গ্রাহকদের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ইসলামী ব্যাংকে চলমান অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে বসুরহাট ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে বহু অদক্ষ ও অযোগ্য কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের কারণে ব্যাংকের আর্থিক শৃঙ্খলা নষ্ট হয়েছে এবং গ্রাহকদের আস্থা মারাত্মকভাবে কমে গেছে।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের সর্বাধিক বিশ্বস্ত ও নীতিনিষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান ছিল। কিন্তু এখন একদল প্রভাবশালী ব্যক্তির স্বার্থরক্ষার বলি হচ্ছে এই ব্যাংক। তারা চার দফা দাবি তুলে ধরেন- ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীর চাকরি বাতিল করতে হবে।

একই সাথে, এস আলম গ্রুপ গ্রাহকদের যে অর্থ লুট করে বিদেশে পাচার করেছে, সেই অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, ব্যাংকের হারানো সুনাম পুনরুদ্ধারে নতুন সার্কুলারের মাধ্যমে মেধাবী ও শিক্ষিত বেকার তরুণদের যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ উপায়ে নিয়োগ দিতে হবে। সবশেষে, ইসলামী ব্যাংকের হারানো বিশ্বাসযোগ্যতা ও সুনাম পুনরুদ্ধারে সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন-ইসলামী ব্যাংকের গ্রাহক খাজা গিয়াস উদ্দিন, আবদুল মান্নান, মফিজ, সাইফুল ইসলামসহ আরও অনেকে। তারা বলেন, ইসলামী ব্যাংক এখন গ্রাহকদের বিশ্বাস হারানোর পথে। অবিলম্বে অনিয়মকারীদের বিচারের মুখোমুখি না করা হলে সাধারণ মানুষ ব্যাংকিং খাতে আস্থা হারাবে, যা দেশের অর্থনীতির জন্য অশুভ সংকেত।

আরও পড়ুন

  • . এর আরও খবর