
উপজেলা প্রতিনিধি, কবিরহাট: নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে কবিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় কবিরহাটে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
“নোয়াখালী বিভাগ চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে কবিরহাটের প্রধান সড়ক। আনন্দঘন পরিবেশে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে কর্মসূচিটি সফল করে তোলে।
বক্তারা বলেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলা নিয়ে নোয়াখালী বিভাগ গঠন করতে হবে এবং বিভাগীয় সদর দপ্তরও নোয়াখালীতেই স্থাপন করতে হবে। অন্য কোনো জেলার নামে বিভাগ করা হলে নোয়াখালীবাসী তা মেনে নেবে না।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি।
তিনি বলেন,একটি আন্দোলন যখন শুরু হয়, সেটি শেষ না হওয়া পর্যন্ত থামে না। নোয়াখালীবাসীর এই ঐক্যবদ্ধ দাবিই প্রমাণ করে নোয়াখালী বিভাগ বাস্তবায়িত হবেই।”
বক্তারা আরও বলেন, কোনো জেলাকে নতুন বিভাগের অন্তর্ভুক্ত করতে হলে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি করতে হয়। কিন্তু নোয়াখালীতে এমন কোনো শুনানি হয়নি। শুনানি ছাড়া নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র সফল হবে না, নোয়াখালীবাসী তা প্রতিহত করবে বলে তারা হুঁশিয়ারি দেন।
আপনার মতামত লিখুন :