
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মবিরতির ফলে উপজেলার কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল, বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসা, বামনী আছিরিয়া ফাজিল মাদরাসা,আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়, রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়, আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়সহ সকল বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
গত রবিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি শিক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরকারের উদ্দেশে সোমবারের মধ্যে বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারির আলটিমেটামও দেওয়া হয়েছিল।
এদিকে, দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ চালানো এবং কয়েকজন শিক্ষককে আটকের ঘটনায় শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিক্ষকরা এই ঘটনার তীব্র নিন্দা ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। শিক্ষক নেতারা আরও অভিযোগ করেন, তারা পুলিশি নির্যাতনের বিচারও দাবি করছেন।
কর্মবিরতি চলাকালে কোম্পানীগঞ্জের শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন।
আপনার মতামত লিখুন :