প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ অক্টোবর, ২০২৫

হাতিয়ায় ধানের শীষের পক্ষে শাহ নাওয়াজের নেতৃত্বে বিশাল শোডাউন

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণাপত্র প্রচার ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে দিনব্যাপী এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহ নাওয়াজ।

গণসংযোগ চলাকালে শাহ নাওয়াজ ও তার সহযাত্রীরা জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র বিতরণ করেন। একই সঙ্গে স্থানীয় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, চরকিং ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ফবিন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

গণসংযোগ শেষে বিকেলের দিকে জাহাজমারা বাজারে অনুষ্ঠিত হয় ধানের শীষের পক্ষে বিশাল শোডাউন। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জাহাজমারা বাজারে জড়ো হতে থাকেন। সন্ধ্যার আগে প্রায়  হাজার ও নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল মিছিলটি বাজারের পূর্ব পাশ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম পাশে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীদের হাতে ছিল বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড। স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা— “ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে”, “তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব।”

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে শাহ নাওয়াজ বলেন,
“আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের আশা-আকাঙ্ক্ষা জানছি। জনগণ এখন পরিবর্তন চায়—তারা দুর্নীতি, অন্যায় ও দমন-নিপীড়নের রাজনীতি থেকে মুক্তি চায়। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই সেই পরিবর্তনের সূচনা হবে।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা অতীতেও দলের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব। যারা জনগণের পাশে থাকবে, তারাই হবে দলের প্রকৃত প্রার্থী। দল ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের পতাকা উঁচু রাখতে হবে।”
গণসংযোগ ও শোডাউনকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ, তরুণ-প্রবীণসহ হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিএনপির প্রতি সমর্থন জানান। জাহাজমারা ইউনিয়নজুড়ে সৃষ্টি হয় গণজোয়ারের আমেজ।

আরও পড়ুন

  • . এর আরও খবর