• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫

সংরক্ষিত বনের গাছ কাটায় হাতিয়ায় এক ব্যক্তি আটক

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে গেওয়া চারা গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগে আব্দুল মন্নান (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর ইউনুছ এলাকার হাজীর গোপট সংলগ্ন সংরক্ষিত বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মন্নান মেস্তুরী ওই ইউনিয়নের হাজীর গোপট এলাকার বাসিন্দা ও আব্দুল মোতালেবের ছেলে।
জাহাজমারা বিট কর্মকর্তা মো. সোহাগ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে প্রায় সাত-আটজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকেই আব্দুল মন্নানকে হাতে-নাতে আটক করা হয়।

তিনি আরও জানান, সংরক্ষিত বাগানের প্রায় এক একর জমি চাষাবাদের উদ্দেশ্যে পরিষ্কার করা হচ্ছিল। এসময় সদ্য কাটা ৮৭৬টি গেওয়া চারা গাছ এবং একটি দা জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা ও নোয়াখালী জেলার সহকারী বন সংরক্ষক এ.কে.এম. আরিফ-উজ-জামান বলেন, “চর ইউনুছ এলাকায় প্রায় ১,২০০ একর সরকারি গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি রয়েছে। হাজীর গোপট এলাকাটি অপরাধপ্রবণ হওয়ায় ভূমিদস্যুরা প্রায়ই এখানে বনভূমি দখলের চেষ্টা করে। বন বিভাগের নিয়মিত টহল ও নজরদারির কারণে এসব অবৈধ কার্যক্রম প্রতিনিয়ত দমন করা হচ্ছে।

তিনি আরও জানান, বন অপরাধীদের হাতে-নাতে আটক করে বন আইনে মামলা দায়েরের কার্যক্রম অব্যাহত থাকবে। সংরক্ষিত বনের নিরাপত্তা রক্ষায় প্রতিদিন শিফটভিত্তিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর