
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা–২০২৫”। শনিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শিক্ষানুরাগী ক্যাপ্টেন শেখ মাসুদের পৃষ্ঠপোষকতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় এবং কোম্পানীগঞ্জ সরকারি কলেজ-এই তিনটি কেন্দ্রে মোট ৫৮টি হলে পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করেন কোম্পানীগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু নাছের এবং সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন মিয়াজী। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন রুহুল আমিন এবং কেন্দ্র সচিব ধনেশ্বর মজুমদার।
বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক ক্যাপ্টেন শেখ মাসুদ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের উৎসাহ যোগান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানান।
তিনি বলেন—“মেধার বিকাশই জাতি গঠনের মূলভিত্তি। কোম্পানীগঞ্জের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সবসময় সহযোগিতা করে যাবো।”
এই সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌর জামায়াতে আমির মাওলানা মোশাররফ হোসেন। তিনি বলেন, “শিক্ষা মানুষের চরিত্র গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সুশিক্ষিত প্রজন্মই সমাজ ও জাতিকে সঠিক পথে নেতৃত্ব দিতে পারে। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশের উৎকর্ষতা বাড়াতে সহায়তা করে।
আয়োজকরা জানান, আগামী মাসে পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবং পরবর্তীতে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও বৃত্তির অর্থ প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :