
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে এক আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) লাকেম্বার রেস্টুরেন্ট ‘নবান্ন’-এ যুবদল অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান, সহসভাপতি একেএম ফজলুল হক শফিক এবং এসএম নিগার এলাহী চৌধুরী।
সভা পরিচালনা করেন যুবদল অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, খাইরুল কবির পিন্টু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, আরমান হোসেন ভূঁইয়া, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান, বিএনপি প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মাসুম, এডভোকেট মোমিন আহম্মেদ, বাবুল খন্দকার, ইঞ্জিনিয়ার রায়হাত হাসনাত, সর্দার মামুন, মাহমুদুল হক দুলাল, অসিত গোমেজ, মোহাম্মদ শহিদুল্লাহ, সূধন যোসেফ ক্রুজ, সোহেল কর্নেলিয়াস পালমা প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত যুবদল দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নচেতনায় অনুপ্রাণিত একটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সংগঠন তরুণ সমাজকে দেশগঠনে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে।
প্রধান অতিথি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রায় যুব সমাজই হচ্ছে মূল শক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে নেতৃত্ব দিতে হবে।” তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্ম যেন তাদের প্রথম ভোট ধানের শীষে দেয়, সেই আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে গণতান্ত্রিক আন্দোলন ও দেশের অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিলনমেলার আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :