
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের দুটি ইউনিয়ন) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফখরুল ইসলাম তার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার বিকেল ৫টায় বসুরহাট পৌরসভার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম বলেন, “বিএনপির মনোনয়ন পাওয়ার আগেই মানবজমিন পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। সেখানে দাবি করা হয়, আমি নাকি এস.আলম গ্রুপের ১২ হাজার কোটি টাকা পাচারে জড়িত। আমি তখনই স্পষ্টভাবে চ্যালেঞ্জ করেছিলাম যদি কেউ ১২ টাকারও পাচারের প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি ও ব্যবসা ছেড়ে দেব। কিন্তু আজ পর্যন্ত কেউ তার প্রমাণ দিতে পারেনি।”
তিনি অভিযোগ করে বলেন, “মনোনয়ন পাওয়ার পর থেকেই দলের কিছু অসৎ ব্যক্তি যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত— তারা আমার জনপ্রিয়তা নষ্ট করতে অপপ্রচারে নেমেছে।”
ফখরুল ইসলাম আরও বলেন, “নাগরিক টিভির সাংবাদিক নাজমুন সাকিব তার ইউটিউব চ্যানেলে এস.আলম গ্রুপকে জড়িয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে। অথচ এই সাংবাদিকের বিরুদ্ধেই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে চাঁদা দাবি করার ভিডিও দেশবাসী সরাসরি দেখেছে।”
তিনি বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই আমার বিরুদ্ধে প্রচারিত সব খবরই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যারা এই অপপ্রচারে যুক্ত, তারা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আমি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি সংবাদের আগে তথ্য যাচাই করে প্রচার করার জন্য।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
আপনার মতামত লিখুন :