প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ নভেম্বর, ২০২৫

ঢাকা লকডাউন কর্মসূচির প্রভাবে হাতিয়ায় বিদ্যালয়ে পাঠদান বন্ধ

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাবে হাতিয়ার ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িচর এলাকায় অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষগুলো ফাঁকা এবং পাঠদান বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের কেউ কেউ জানান, বুধবার ক্লাস চলাকালে বিদ্যালয়ের পিয়ন এসে জানিয়েছিল বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকবে, কেউ এলে নিজের দায়িত্বে আসবে। এজন্য বেশিরভাগ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

একজন সহকারী শিক্ষক জানান, জেলা শিক্ষা অফিস থেকে ফোনে জানানো হয়েছে ঝুঁকি না নিতে, তাই মৌখিকভাবে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে স্কুলে আসার কথা বলা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম টুটুল বলেন, “জেলা শিক্ষা অফিস থেকে পরিস্থিতি বিবেচনায় সাবধানতা অবলম্বনের নির্দেশ এসেছে। তাই স্কুল খোলা থাকলেও শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আসার কথা জানানো হয়েছে। পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় স্কুল নেবে না।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ. ন. ম হাসান জানান, “আমরা কোনো লিখিত বা মৌখিক নির্দেশ পাইনি। আমাদের স্কুলে পাঠদান স্বাভাবিকভাবে চলছে।”

জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন

  • . এর আরও খবর