প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৬ নভেম্বর, ২০২৫

হাতিয়ায় বিএনপির নির্বাচনী জনসমাবেশে জনগণের ঢল

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, “বাংলাদেশের জনগণ নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে। সারাদেশের মাঠে-মাঠে, পথে-ঘাটে মানুষের ঢল প্রমাণ করছে—আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে হাতিয়ার বুড়িচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনকে বানচাল করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। দেশের বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে।

হাতিয়ার দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে তিনি আরও বলেন,
“গত ১৭ বছরে হাতিয়ার নৌপথ, সড়ক, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয়নি। বিএনপি সরকার গঠন করলে হাতিয়াকে একটি রোল মডেল পর্যটন দ্বীপে রূপান্তর করা হবে। জনগণের দুর্ভোগ লাঘবই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সমাবেশকে কেন্দ্র করে বুড়িচর সাগরিয়া হাই স্কুল মাঠ ও আশপাশের এলাকায় হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সমাবেশস্থলে সাধারণ মানুষের ঢল স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ. কে. এম ফজলুল হক খোকন।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন উর রশীদ আজাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আলা উদ্দিন রনি।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার সাজ্জাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আদনান ও সদস্য সচিব সুমন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোন্দকার সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আবদুল হালিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ভোটের মাধ্যমে হাতিয়ার উন্নয়ন, উপকূলীয় নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন যুগের সূচনা করতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন।

আরও পড়ুন

  • . এর আরও খবর