
মোহাম্মদ সোহেল, স্টাফ রিপোর্টার :
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালী ও সেনবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর (৪৪) এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর ঘটনায় পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন জেলার উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী ও সহকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে মামলা দুটি করেন। অভিযুক্ত আলমগীর চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার গোমদন্ডী এলাকার নুর উল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাবেক ব্যবস্থাপক আলমগীর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ শাখায় প্রথমে ২০১৫ থেকে ২০২০ সাল এবং পরে ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় মেয়াদে কর্মরত থাকা অবস্থায় ৮৯টি ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাৎ করে।
অপরদিকে, আলমগীর প্রথমে ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এবং ২০২০ সালের আকাশ থেকে ২০২৫ সালে জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাবেক ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। এ সময়ে ৩ জন ভুয়া ঋণ গ্রহীতার মাধ্যম ২১লাখ ৪০হাজার টাকা’সহ প্রাথমিকভাবে প্রায় ৬ কোটি ৯৯লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।
সরকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান জানান, গত ২০ অক্টোবর দুদক নোয়াখালীর একটি দল ওই দুটি শাখায় অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পায়। এর ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় প্রতিবেদন পাঠানোর পর আজ অভিযুক্ত আলমগীরের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :