প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৫

বেগমগঞ্জে অগ্নিসংযোগ ও রাস্তা দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে পূর্বপুরুষের চলাচলের রাস্তা দখল, বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছেন ওই এলাকার বাসিন্দা মো. রিয়াজ।
সোমবার সকালে বেগমগঞ্জের চৌমুহনীতে সাংবাদিক ইউনিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিয়াজ জানান, তাদের বাড়ির পাশে ২০০ থেকে ৩০০ বছরের পুরোনো একটি রাস্তায় তারা পরিবারসহ দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন। কিন্তু পাশের বাড়ির কামাল উদ্দিন ও বশির উল্লাহ নামের দুই ব্যক্তি ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই পথ জবরদখলের চেষ্টা করে এবং আর.সি.সি পিলার বসিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করে।

তিনি অভিযোগ করেন, বাধা দিতে গেলে তার পিতা মো. আবুল কাশেম, নানা শাহ আলম, ভাই হাফেজ ও ইয়াসিন আরাফাতসহ পরিবারের বেশ কয়েকজনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তার বাবার গলা কেটে যায় এবং তার মামা মোরশেদের হাতের হাড় ভেঙে যায়। ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিক উপস্থিত থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে তারা রক্ষা পান বলে দাবি করেন রিয়াজ।

এছাড়া রাতে তিনি ও তার বাবা বাড়িতে আছেন ভেবে তাদের বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। আগুনে রান্নাঘর, গোয়ালঘরসহ আরও একটি বসতঘর পুড়ে যায় এবং গরুর শরীরের একটি অংশ আগুনে দগ্ধ হয় বলে জানান রিয়াজ।
রিয়াজ আরও বলেন, অতীতে রাজনৈতিক অস্থিতিশীলতার সময়ে এ ধরনের ঘটনা ঘটলেও এখনো একই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্ত কামাল উদ্দিন ও বশির উল্লাহর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পরিবারকে সন্ত্রাসী হামলা থেকে রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর