প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৫

নোয়াখালীতে কৃষি অফিসের যন্ত্রপাতি ক্রয় ও ভর্তুকিতে নানা অনিয়ম

নিজস্ব প্রতিবেদক : কৃষি যন্ত্রপাতি ক্রয়, ঋণ বিতরণ ও ভর্তুকির অর্থ আত্মসাৎসহ একাধিক দুর্নীতির অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে অভিযানে চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দুদক সূত্র জানায়, কৃষি অফিসের কিছু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে হারভেস্টার মেশিনসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, কৃষকদের জন্য বরাদ্দকৃত কৃষি ঋণ ও ভর্তুকির টাকা আত্মসাৎ এবং রাজস্ব খাত ও পুষ্টি বাগান প্রকল্পে অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগের ভিত্তিতেই হঠাৎ অভিযান চালায় দুদক।

দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযান চলাকালে যেসব তথ্য-উপাত্ত ও নথি সংগ্রহ করা হয়েছে, সেগুলো যাচাইয়ের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রধান কার্যালয় সেসব পর্যালোচনা করে যে নির্দেশনা দেবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর