প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ নভেম্বর, ২০২৫

মাইজদীতে ভোক্তা অধিকারের অভিযানে র আয়োজন বেকারি এন্ড সুইটসকে দেড় লাখ জরিমানা

নুশরাত রুমু, মাইজদী : মাইজদীর বড় মসজিদ মোড় ও টাউন হল মোড় এলাকায় (২৪ নভেম্বর) সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি অভিযান পরিচালনা করেছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন ঘি নিজস্ব লেবেলে বাজারজাতকরণ, খাবারে রং মিশ্রণ, করমচাকে চেরিফল হিসেবে ব্যবহার, বার্থডে কেক, দই ও রসমালাই এর মেয়াদ উল্লেখ না করা সহ একাধিক ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে “মেসার্স আয়োজন বেকারি অ্যান্ড সুইটসকে” ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দকৃত রং মিশ্রিত করমচা ও মিষ্টি ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়। সচেতনতা বৃ‌দ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

এ ছাড়া টাউন হল মোড় এলাকার “মেসার্স হামরা ফার্মেসি, দি লেডিস কসমেটিকস এবং টপ লেডিস কসমেটিকস এই তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অনিয়মের দায়ে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। বেলা আড়াইটা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। এতে অংশ নেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জসিম উদ্দিন, এবং আনসার ব্যাটালিয়নের একটি দল। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর