প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ নভেম্বর, ২০২৫

বসুরহাট মাদরাসা দারুল আরকামে বার্ষিক অভিভাবক সমাবেশ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে অবস্থিত দারুল আরকাম মাদরাসায় দিনব্যাপী বার্ষিক অভিভাবক সমাবেশ ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মাদরাসা প্রাঙ্গণে শুরু হওয়া এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত ও হামদ পরিবেশন করা হয়। এরপর শ্রেণিভিত্তিক বার্ষিক পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জনকারী শীর্ষ তিন শিক্ষার্থী, বৃত্তি পরীক্ষায় সফল শিক্ষার্থী এবং হিফযুল কুরআন সম্পন্নকারী হাফেজদের পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।

শিশু শিক্ষা প্রদর্শনীতে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হাদিস পাঠ, নাশিদ ও আরবি-বাংলা সৃজনশীল কাজ উপস্থাপন করে। এতে অভিভাবকরা মুগ্ধ হয়।

মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তরার বায়তুস সালাম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি যুবায়ের আহমদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব মুফতি শহীদুল্লাহ আবরার।

প্রধান অতিথি বলেন,“আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী শিক্ষা মানুষের চরিত্র ও মনন বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইসলামী শিক্ষার ভিত্তি শক্ত না হয়, তবে আধুনিক শিক্ষা কখনো পূর্ণতা পাবে না। আমাদের শিক্ষার্থীরা শুধু কাগজপত্রে নয়, জীবনব্যবহারিক দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও ইসলামী শিক্ষার আলোকে পরিচালিত হতে হবে।

সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বলেন,“মেধাবী ও হাফেজদের সম্মাননা তাদের দায়িত্ববোধ বাড়াবে এবং সমাজ গঠনে তাদের ভূমিকা শক্তিশালী করবে।”
এছাড়া কোম্পানীগঞ্জ মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা-২০২৫ এ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাদরাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান শেষে অভিভাবকরা মাদরাসার শিক্ষার মান ও অগ্রগতির প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর