প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ নভেম্বর, ২০২৫

সময় আসবে চাঁদাবাজদের খুঁজে বের করা হবে : আবদুল আউয়াল মিন্টু

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, যারা দাগনভূঞা বাজারসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তাদের তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে। এমন এক সময় আসবে এসব চাঁদাবাজদের আর খুঁজে পাওয়া যাবে না। নির্বাচিত হলে সব চাঁদাবাজি ও অনিয়ম দূর করব। আমরা একটি সুখি সমৃদ্ধ ফেনী গড়তে চাই।’

তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূরদর্শিতা দিয়ে দলকে পরিচালনা করছেন। তিনি স্পষ্ট ঘোষণাসহ নির্দেশ দিয়েছেন- কোনো চাঁদাবাজ, জনতার আতঙ্ক ও পদ-পদবির লালসায় বিভোর জনভোগান্তির ধারক-বাহককে জাতীয়তাবাদী দলের নেতৃত্বের অধিকারী হতে পারবে না। এমনকি সমর্থক বা কর্মীরাও অপকর্মের সঙ্গে জড়িত থাকলে দলে থাকার প্রয়োজন নেই। কে পদ পেল কে পেল না তা নির্ধারণ করেন কেন্দ্রীয় কমিটি। তবে কোনো বিশৃখলাকারীর স্থান দলেও নেই আমার কাছেও নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি দল এবং আমার আসনের সম্মানিত ভোটারদের আগ্রহ ও দলীয় সিদ্ধান্তে আনুগত্যের কারণে। আগে আমার বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন করেছি।

তিনি আরো বলেছেন, ঠিক সময়ে নির্বাচন না হয়, কারও পক্ষে গড়িমসি করা হয় তাহলে যথোপযুক্ত জবাব দেওয়া হবে। দাগনভূঞা উপজেলা থেকে চোর, ডাকাত, গুন্ডা, বদমায়েশি দূর করার জন্য যা যা করার সব করা হবে। যারা দাগনভূঞা বাজারসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তাদের তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে।

গত শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫ টায় ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সী বাজারসহ বিভিন্ন জায়গায় গণসংযোগে বক্তব্যকালে এসব কথা বলেন। এছাড়াও তিনি রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজার ও পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈরাগীর হাট ও গজারিয়া বাজারে গণসংযোগ করছেন।

মিন্টু বলেন, ‘আমাকে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন থেকে মনোনয়ন প্রদান করায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমি আপনাদের সহযোগিতা পেলে অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা গড়তে পারব। আপনাদের জীবনমান উন্নয়নের জন্য সব সময় আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যান্ত খারাপ। আমরা চাই যথাসময়ে নির্বাচন। যদি ঠিক সময়ে নির্বাচন না হয়, কারও পক্ষে গড়িমসি করা হয় তাহলে যথোপযুক্ত জবাব দেওয়া হবে।’

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাহানা আক্তার শানু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু, সদস্য সচিব মনছুর ভূঞা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন হুদন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজীবসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর