প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২ ডিসেম্বর, ২০২৫

চারশত শিক্ষার্থীর পরীক্ষা একাই নিলেন প্রধান শিক্ষক

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার শতাধিক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার পুরো দায়িত্ব একাই সামলাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে দেখা যায়, সহকারী শিক্ষকরা অফিস কক্ষে অবস্থান করলেও পরীক্ষাকক্ষ পরিচালনার দায়িত্বে ছিলেন না। ফলে পাঁচটি শ্রেণির পরীক্ষা একাই নিতে গিয়ে হিমশিম খেতে হয় প্রধান শিক্ষক মনোয়ারা হককে। পর্যবেক্ষণহীন পরীক্ষাকক্ষে শিক্ষার্থীদের কথা বলা, খাতা দেখে লেখা ও বিশৃঙ্খলা স্পষ্টভাবে দেখা যায়।

এ পরিস্থিতিতে ক্ষুব্ধ অভিভাবকেরা জানান, একজন শিক্ষক দিয়ে পাঁচটি ক্লাসের পরীক্ষা নেওয়ার ফলে পরীক্ষার মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে।

সহকারী শিক্ষকরা জানান, ১১তম গ্রেডে পদোন্নতিসহ তিন দফা দাবি না মানায় তারা সারাদেশব্যাপী কর্মবিরতিতে রয়েছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

প্রধান শিক্ষক মনোয়ারা হক বলেন, “সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি সম্মান আছে। তবে ডিপিও, এডিপিও ও এটিও স্যারদের নির্দেশনায় এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে আমাকে পরীক্ষার দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রয়োজনে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সহায়তা নিয়েও পরীক্ষা নিচ্ছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার জানান, হাতিয়ার ২২৭টি বিদ্যালয়ের মধ্যে ৭৯টি বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর