
উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা :
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে দাগনভূঞা উপজেলা পরিবার কল্যাণ বিভাগের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীদের আহ্বানে এই পূর্ণ কর্মবিরতি চলবে।
জানা গেছে, এক দফা দাবিতে প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশন, পরিবারকল্যাণ সহকারী সমিতি এবং পরিদর্শক সমিতি ১০ দিনব্যাপী পূর্ণ কর্মবিরতি পালন করছে। এর ফলে পরিবার পরিকল্পনা সেবা, প্রচার সপ্তাহ কার্যক্রম এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নিয়মিত সেবা ব্যাহত হচ্ছে।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত সংশোধিত বিধিমালা কার্যকর না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবেন।
পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, আমরা পরিবারকল্যাণ সহকারী রাজস্ব খাতভুক্ত কর্মচারী। দীর্ঘ ২৬ বছর ধরে আমাদের কোনো নিয়োগবিধি নেই। এজন্য আমরা পদোন্নতি এবং নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
পরিবার পরিকল্পনা কল্যাণ পরিদর্শিকা ফেনী জেলার সভাপতি হাজেরা বেগম বলেন, রাজস্বভুক্ত হয়েও ১৪তম গ্রেডে কাজ করে যেতে হচ্ছে। আমরা মা-শিশুর স্বাস্থ্যসেবা,পরিবার পরিকল্পনা সেবা ও সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করি। আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না। কেন্দ্রীয় কমিটির নির্দেশে ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালন করছি। এছাড়াও বিভিন্ন পদধারী কর্মীরা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন এবং বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। কিন্তু গত ২৬ বছর ধরে আমাদের হাজার হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে।
এসময় জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হোসেন, জেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির অপু রাণী ভৌমিক, ডলি রাণী সিনহা, ভবানী দে, বিবি আয়েশা, মাধবী ভৌমিক, মোঃ হুমায়ুন ও রওশন আক্তারসহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :