প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২ ডিসেম্বর, ২০২৫

হাতিয়ায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় নোয়াখালীর হাতিয়ায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি–সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সকলকে নিয়মিত দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে এম ফজলুল হক খোকন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ এবং পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।

মিলাদ ও মুনাজাতে দেশনেত্রীর রোগমুক্তি, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করা হয়। দোয়ার সময় পুরো পরিবেশে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার আজীবন অবদান দেশবাসীর হৃদয়ে চিরস্মরণীয়। তাঁর সুস্থতা দলের পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যও গুরুত্বপূর্ণ।
হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তারা বলেন, দেশনেত্রীর প্রতি জনগণের ভালবাসা ও আস্থা অটুট, আর তাঁর সুস্থতা কামনায় এই গণদোয়া হাতিয়ার মানুষের আন্তরিকতার প্রতিফলন। দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর