প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা – শামীম

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া  :
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী কৃষক দলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শামীম আরও বলেন, “দেশের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। নেতাকর্মীরা নির্ঘুম রাত পার করছেন। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আমরা লাগাতার আন্দোলন করেছি, তবুও পূর্ববর্তী সরকার কোনো কর্ণপাত করেনি।

আজ আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তার সুস্থতার খোঁজ নিচ্ছেন এবং দোয়া করছেন। আমরা আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করি, যেন তিনি আবারও আমাদের নেতৃত্ব দিতে পারেন।

সভায় হাতিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল ইসলাম হকসাবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোসলে উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তছলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং হাতিয়া আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর