প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ ডিসেম্বর, ২০২৫

কর্মবিরতির মধ্যেও কোম্পানীগঞ্জের ৯০ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা

আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ :
সহকারী শিক্ষকদের টানা কর্মবিরতির মধ্যেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক আন্দোলনের কারণে কয়েকদিন ধরে পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলেও আজ বুধবার (৪ ডিসেম্বর) নির্ধারিত সময়েই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

জানা যায়, গত ২৭ নভেম্বর থেকে সহকারী প্রাথমিক শিক্ষকরা তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন। এর প্রভাব পড়ে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকা তৃতীয় প্রান্তিকের বার্ষিক পরীক্ষায়। নির্ধারিত সময়ে কোনো বিদ্যালয়েই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

তবে কর্মবিরতি চলমান থাকলেও গতকাল পরীক্ষার দিন প্রধান শিক্ষকরা একাই দায়িত্ব পালন করে পরীক্ষা গ্রহণ করেন। কোথাও কোথাও সহকারী শিক্ষকরা অনানুষ্ঠানিকভাবে সহযোগিতা করলেও অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের একক প্রচেষ্টায় প্রশ্নপত্র বিতরণ, শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে মূল্যায়ন সব কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শিক্ষক নেতাদের মতে, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বেতন বৈষম্য দূরীকরণ, পদোন্নতি নীতিমালা সংশোধন ও কর্মপরিবেশ উন্নয়ন। এসব দাবির দ্রুত বাস্তবায়ন না হওয়ায় সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।
অন্যদিকে পরীক্ষার আয়োজন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরলেও সার্বিক শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নিয়ে এখনো উদ্বেগ কাটছে না। অভিভাবকরা জানান, আন্দোলন ও কর্মবিরতির কারণে শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে; তাই দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় তারা।

প্রধান শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় ঝুঁকি নিয়েই তারা পরীক্ষা পরিচালনা করেছেন। তবে দীর্ঘমেয়াদি সমাধান ছাড়া স্বাভাবিক শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে অভিমত তাদের।

আরও পড়ুন

  • . এর আরও খবর