
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষাক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উদয় এইড ফাউন্ডেশন। সংস্থাটির আয়োজনে অনুষ্ঠিত বৃহত্তম বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৪৫০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়েছে। শনিবার সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এর আগে গত ৭ নভেম্বর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভূঞা উপজেলার ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার ৫শ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
অনুষ্ঠানে উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) কাজী নুরুন্নাহার। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক প্রফেসর আবদুল মান্নান, কুমিল্লা ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা জজ শফিকুল ইসলাম, কক্সবাজার জেলা বিচারিক আদালতের অতিরিক্ত জেলা জজ আমিরুল হায়দার চৌধুরী, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী এবং কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
অনুষ্ঠানে সর্বোচ্চ ফল অর্জনকারী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবরার ফায়াজকে প্রথম পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়া বাকি ৪৪৯ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, উদয় এইড ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রান্তিক ও গ্রামীণ শিক্ষার্থীদের মেধা বিকাশে অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :