
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পণ্যে মোড়ক জাতের বিএসটিআই অনুমোদন না থাকায়, সাবান তৈরির কারখানায় পণ্যে মোড়ক জাতের অনুমতি না থাকায় ও মূল্য তালিকা না থাকায় এবং চালের বস্তায় পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার দাগনভূঞা বাজারের চৌমুহনী রোড ও পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পণ্যে মোড়ক জাতের বিএসটিআই কর্তৃক অনুমোদন না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে একটি বেকারি দোকানকে ১০ হাজার টাকা ও অননুমোদিত রাসায়নিক ব্যবহার ও লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেয়ার কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ও টেস্টিং ইনস্টিটিউশন আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সওদাগর নামীয় সাবান তৈরির কারখানায় পণ্যে মোড়ক জাতের অনুমতি না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও একটি মুদি দোকানে অভিযান চালিয়ে অননুমোদিত ফুডগ্রেড পণ্য রাখার অপরাধে এবং মূল্য তালিকা না থাকায় এবং চালের বস্তায় পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুটি ভিন্ন আইনে ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ১০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় অননুমোদিত ফুডগ্রেড পণ্য বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম বলেন, এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে বিএসটিআইয়ের নোয়াখালী আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার, পাট পরিদর্শকসহ দাগনভূঞা থানা পুলিশ সদস্যরা সহায়তা করে।
আপনার মতামত লিখুন :