
উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, “হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে বা কোনো শক্তিকেই ভয় পাবে না। ভয় পাবে তারা, যারা চাঁদাবাজি ও ধান্দাবাজিতে জড়িত। আর আমরা সেই অপশক্তির বিরুদ্ধেই অবস্থান নিয়েছি।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার আম্বিয়া কমিউনিটি সেন্টারে জাতীয় যুবশক্তি হাতিয়া উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হান্নান মাসউদ বলেন, যুবকদের ঐক্যের মাধ্যমেই একটি নতুন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া সম্ভব। তিনি বলেন, “আগামী নির্বাচনে যে ভোটের বিপ্লব ঘটবে, তা রক্ষার দায়িত্ব যুবকদের। মানুষের ভোটের আমানত পাহারা দেওয়ার দায়িত্ব তরুণদেরই নিতে হবে।
যুবরাজনীতির দিকনির্দেশনা তুলে ধরে তিনি আরও বলেন, যুবশক্তির রাজনীতি হবে ত্যাগের রাজনীতি। এখানে কেউ নিজের স্বার্থে বা পদের লড়াইয়ে জড়াতে পারবে না। সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয়ে রাজনীতি করবে। তিনি স্পষ্ট করে বলেন, যুবলীগ বা ছাত্রলীগের মতো দখলদার ও সন্ত্রাসনির্ভর রাজনীতি যুবশক্তিতে চলবে না; মানুষের কল্যাণই হবে একমাত্র লক্ষ্য।
এনসিপির হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়ক শামছল তিব্রিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন—জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা আহ্বায়ক নুরে আলম রিপন, হাতিয়া উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত হোসেন, যুগ্ম আহ্বায়ক সম্রাট আকবর, সদস্য সচিব সাইফুল ইসলাম রাকিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নুরুল আফছার নিরব এবং সিনিয়র সংগঠক ফারদিন নিলয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনকে তৃণমূলভিত্তিক শক্তিশালী করার আহ্বান জানান এবং হাতিয়ায় যুবসমাজকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :