প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৫

প্রার্থীর নিরাপত্তা নেই, ভোটাররা নিরাপদ থাকবে কীভাবে? – শাহ মাহফুজুল হক

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একজন সংসদ সদস্য প্রার্থী যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ ভোটাররা কীভাবে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।”

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে হাতিয়ার ওছখালী জিরো পয়েন্ট এলাকায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিজ উদ্যোগে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম তদারকির সময় তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের সহিংসতা ও হামলার ঘটনা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে, যা সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি বলেন, “নির্বাচনী পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। এ অবস্থায় প্রশাসনের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা অপরিহার্য। প্রার্থী কিংবা রাজনৈতিক কর্মীদের ওপর হামলার ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আস্থাহীনতা সৃষ্টি হবে।” তিনি নিজের দলের নেতা-কর্মীদের উদ্দেশে আইন মেনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলার নির্দেশ দেন। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রশাসন সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং হাতিয়ার ভোটাররা নির্বিঘ্নে, নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

আরও পড়ুন

  • . এর আরও খবর