
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালেই উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ পাল। আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা প্রকৌশলী এমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুর ইসলাম এবং হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি জি এম ইবরাহিম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। এই দিনটি জাতির ইতিহাসে গভীর বেদনার দিন হিসেবে চিহ্নিত। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশের গঠনে এগিয়ে যেতে হবে। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :