• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৫

সোনাইমুড়ীতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর সোনাইমুড়ীতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ ভবনসহ সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সকালে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা-পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাবসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এ সময় বিজয় মেলার উদ্বোধন করা হলে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

দিবসটি উপলক্ষে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথক বিজয় র‌্যালির আয়োজন করে। র‌্যালিগুলো উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মহান বিজয় দিবসকে ঘিরে সোনাইমুড়ীজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ, শহিদদের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের চেতনায় দিনটি উদযাপনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে বিজয়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর