প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৫

হাতিয়ায় এনসিপি প্রার্থীর তিন সমর্থকের ওপর হামলা, আহত ৩

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের তিনজন সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের মধ্যম শুল্লকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের রাতেই হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন মো. হাছান উদ্দিন, এমদাদ হোসেন ও রাজিব উদ্দিন। তারা তিনজনই এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত এবং শাপলা কলি প্রতীকের পক্ষে নিয়মিত প্রচারণায় অংশ নিচ্ছিলেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সদ্য জেগে ওঠা চর জাগলার জমির বন্দোবস্তকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকায় বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, অতীতে ভূমিদস্যুদের কাছ থেকে এসব জমি নিতে ভূমিহীনদের মোটা অঙ্কের টাকা দিতে হতো। সম্প্রতি এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ভূমিহীনদের উদ্দেশ্যে সরকারি বন্দোবস্ত ছাড়া কোনো ব্যক্তিকে টাকা না দেওয়ার আহ্বান জানান। এ অবস্থান থেকেই বিরোধের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভূমিহীনদের পক্ষে কথা বলার জেরে মো. হাছান উদ্দিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার হাত ভেঙে যায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে এমদাদ হোসেন ও রাজিব উদ্দিনও আহত হন।

গুরুতর আহত হাছান উদ্দিন অভিযোগ করে বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে প্রতিবাদ করায় একটি সংঘবদ্ধ চক্র তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যদিকে অভিযুক্তদের একজন দাবি করে বলেন, এটি ভূমি বিরোধজনিত একটি মারামারির ঘটনা, এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। তবে আরেক অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

ঘটনার নিন্দা জানিয়ে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, কিন্তু সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের সঙ্গে কথা বলেছে। একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর