প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫

মাইজদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং অভিবাসী মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সেখানে অভিবাসী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শান্তুনু কুমার দাশ, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার মো. ইমাম উদ্দিন, রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর (চট্টগ্রাম) মো. রকিব উদ্দিন, এমআরএসসি কো-অর্ডিনেটর ও সাইকো-সোশ্যাল কাউন্সিলর মো. আবদুল্লাহ আল মুক্তাদির ও প্রোগ্রাম অর্গানাইজার মো. ফজলুল হক রুবেল প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে প্রবাসে যাওয়ার আগে প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত জরুরি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগে অভিবাসীদের দক্ষতা উন্নয়ন ও পুনঃএকত্রীকরণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

আলোচনা সভায় ব্র্যাক প্রত্যাশা-২ প্রকল্পের আওতাধীন স্পেন ফেরত অভিবাসী মাহফুজুল হককে সম্মাননা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম তাঁর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর