
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টার ফাঁদে পা না দিয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ষড়যন্ত্র চলছে।
মাহবুবের রহমান শামীম আরও বলেন, দলের নেতাকর্মীদের জন্য একটি আনন্দের সংবাদ হচ্ছে—আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। তার আগমনের মাধ্যমে সারা দেশে ধানের শীষের পক্ষে গণসমর্থনের নতুন জোয়ার সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির সাংগঠনিক শক্তির অন্যতম স্তম্ভ হচ্ছে যুবদল। নির্বাচনে যুবদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বশীল অবস্থান থেকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে এবং সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফাহিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, আলা উদ্দিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম হাওলাদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সভায় বক্তারা হাতিয়া আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :