• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: নিহত শিশুকন্যা, দগ্ধ আরও ২

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বেলাল চৌধুরী নামে এক বিএনপি নেতার বসতঘরের দুই পাশের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। এতে ঘরে থাকা বেলালের ঘুমন্ত শিশুকন্যা আয়েশা আক্তার সানজু (৮) পুড়ে মারা যায়। দগ্ধ হয় ঘুমন্ত আরও দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

বেলাল ওই এলাকার মৃত নরুল ইসলামের ছেলে এবং কীটনাশক ব্যবসায়ী। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক।

বেলালের মা হাজেরা বেগম বলেন, আমি রাতে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানালা দিয়ে দেখি আমার ছেলের টিনসেট ঘরে আগুন জ্বলছে। আমি দ্রুত বেরিয়ে আসি। ঘরের দুই দরজাতে তালা ছিল, তাই ঢুকতে পারিনি। আমার ছেলে দরজা ভেঙে বেরিয়ে আসে। আমার ছেলের স্ত্রী নাজমা দুই হাতে করে চার মাস বসয়ী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বেরিয়ে আসে।

তিনি আরও জানান, ঘরের একটি কক্ষে আমার নাতনি সালমা, সামিয়া ও সানজু ঘুমিয়ে ছিল। তাদের মধ্যে দু’জনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু ছোট মেয়ে সানজু ঘরের মধ্যেই পুড়ে মারা গেছে। তার ছেলে বেলালও আহত হয়৷

তিনি দাবি করেন, দুর্বৃত্তরা টিনসেট ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রলের সাহায্যে আগুন ধরিয়ে দেয়। তবে ঘটনাটি কারা করেছে বা কারো সাথে কোন দ্বন্দ্বের বিষয়টি তিনি জানাতে পারেননি।

বেলালের ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার বলেন, আগুনের বিষয়টি টের পেয়ে আমি চিৎকার করি। আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ারসার্ভিসকে খবর দেয়। ফায়ারসার্ভিস এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আহত দুই মেয়েকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান। আরো তিনজন অগ্নিদগ্ধ হন। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, ঘটনাটি নিন্দনীয়। আমরা সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করছি।

আরও পড়ুন

  • . এর আরও খবর