প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৫

ফখরুলবিরোধী সব চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে জনরায়ে – আলো

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে চক্রান্তমূলক মামলার প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেছেন, ফখরুল ইসলামের বিরুদ্ধে সব চক্রান্ত জনরায়ে ধূলিসাৎ হয়ে যাবে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন মাহবুব আলমগীর আলো।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল, বেলায়েত হোসেন স্বপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।

মাহবুব আলমগীর আলো বলেন, যারা দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন, তাদের কেউ কেউ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নানা অসহযোগিতা, অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ফখরুলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি তারই ধারাবাহিকতার অংশ বলে আমরা মনে করি।

তিনি বলেন, ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের বিপদে-আপদে সবসময় পাশে ছিলেন। বিগত আমলে সরকারের জুলুম-নির্যাতনে অতিষ্ঠ বিএনপি নেতা-কর্মীদের সব ধরনের সহায়তা করেছেন। ফখরুল নিজেও কারাবরণ করেছেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সম্মুখ যোদ্ধা হিসেবে তিনি ভূমিকা রেখেছেন। কিন্তু বিস্ময়ের ব্যাপার তাকে একটি জুলাই হত্যা মামলার আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলমগীর শেখ নামে একজন নিহত হওয়ার ঘটনায় কুষ্টিয়ার কুমাখালী এলাকার মো. সোহানুর রহমান সিফাত বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী মো. ফখরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর