• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৫

সন্তানের মৃত্যুর ক্ষতিপূরণ চাইতে গিয়ে হুমকি

উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
হাতিয়ায় মাটি কাটার মেশিনের চাপায় নিহত সন্তানের ক্ষতিপূরণ চাইতে গিয়ে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন কৃষকদল নেতা সেলিম মাঝি। অভিযোগ উঠেছে, ঘটনার এক বছর পেরিয়ে গেলেও নির্ধারিত ক্ষতিপূরণ না পেয়ে উল্টো নিজ দলের নেতাকর্মীদের কাছ থেকেই অবহেলা ও অপমানের শিকার হচ্ছেন তিনি। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বুড়িরচর ইউনিয়ন কৃষকদলের ৯নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি সেলিম মাঝি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৫ সালের মার্চ মাসে বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামে মাটি কাটার সময় একটি এস্কেভেটরের নিচে চাপা পড়ে তার ১১ বছর বয়সী ছেলে ইয়াসিন আরাফাত গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক ইয়াসিনের মৃত্যু নিশ্চিত করেন।

তিনি আরও অভিযোগ করেন, সন্তানের মরদেহ বাড়িতে পৌঁছানোর আগেই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজীর নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী তার বাড়িতে এসে সমঝোতার প্রস্তাব দেন। এক পর্যায়ে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয় এবং সেই আশ্বাসে সন্তানের দাফন সম্পন্ন করা হয়। কিন্তু এক বছর পার হলেও নির্ধারিত ক্ষতিপূরণের টাকা তিনি পাননি বলে দাবি করেন সেলিম মাঝি। শালিসদারদের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও কোনো ফল মেলেনি। সম্প্রতি ক্ষতিপূরণের টাকা চাইতে গেলে কাফি ফরাজীর কাছ থেকে দুর্ব্যবহার ও প্রাণনাশের হুমকি পান বলেও অভিযোগ করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে সেলিম মাঝি বলেন, “আমি একজন কৃষকদলের নেতা হয়েও নিজের সন্তানের হত্যার বিচার ও ক্ষতিপূরণ পাইনি। নিজের দলের কাছ থেকেই আজ আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, নির্ধারিত ক্ষতিপূরণ আদায় এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর