• ঢাকা
  • বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ব্যারিস্টার খোকন নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাঁর সঙ্গে ছিলেন।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার খোকন। তিনি বলেন, নোয়াখালী-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। জনগণের ভোট ও ভালোবাসা পেলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মনোনয়ন দাখিল উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় ছিল শান্তিপূর্ণ পরিবেশ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়।

মনোনয়ন দাখিল শেষে ব্যারিস্টার খোকন সোনাইমুড়ি উপজেলার ভুবনের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ চোখে পড়ে।

নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ি) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত একটি সংসদীয় আসন হিসেবে পরিচিত। এই আসনে ব্যারিস্টার খোকনের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে নতুন করে গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর