
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : বিএনপির দলীয় প্রার্থী হওয়ার আশা পূরণ না হওয়ায় নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ।
সোমবার বিকেলে তার প্রতিনিধি মাহবুবুর রহমান নাহিদ কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক এমপি ও পল্লীকবি জসিম উদ্দিনের কন্যা হাসনা জসিম উদ্দিন মওদুদ ১৯৮৬ এবং ১৯৮৮ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমদও এ আসনের দীর্ঘদিনের প্রতিনিধি ছিলেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি হতাশা প্রকাশ করে জানান, দলীয় মনোনয়নপত্র ছাড়া বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা নেওয়া হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এতে আশাহত হয়ে তিনি স্বতন্ত্রভাবে মনোনয়ন জমা দিতে বাধ্য হয়েছেন।
পোস্টে তিনি লেখেন, “আমার স্বামী ও আমি পঞ্চাশ বছরেরও বেশি সময় এ এলাকার মানুষের সেবা করে এসেছি। আওয়ামী লীগের ব্যক্তিগত প্রতিহিংসায় ২০১৭ সাল থেকে আমি নিজের বাড়িঘর হারিয়েছি।” শেষে এলাকাবাসীর কাছে সমর্থন ও সহযোগিতা চেয়েছেন তিনি।
এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী মো. ফখরুল ইসলাম, যিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান। তিনিও সোমবার দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নোয়াখালী-৫ আসনে এখন পর্যন্ত ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থী এবং চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
নোয়াখালী-৫ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত। হাসনা জসিম উদ্দিন মওদুদের স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আসনটিতে নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
আপনার মতামত লিখুন :