প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫

একই আসনে ভিন্ন দলের হয়ে নির্বাচন করছেন হান্নান মাসউদ ও তার বাবা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
নোয়াখালী–৬ (হাতিয়া) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যতিক্রমী ও আলোচিত এক নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হচ্ছে হাতিয়াবাসী। একই পরিবারের বাবা ও ছেলে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ও প্রতীকে।

বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে একতারা প্রতীকে এবং ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে নির্বাচনী মাঠে নেমেছেন। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা, সমালোচনা ও কৌতূহলের শেষ নেই। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বাবা ও ছেলে উভয়েই।

বাবা–ছেলের একসঙ্গে নির্বাচনী মাঠে নামাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন এটি নবীন ও প্রবীণের প্রতীকী লড়াই, আবার কেউ দেখছেন রাজনৈতিক শক্তি প্রদর্শনের নতুন এক মাত্রা অথবা ভিন্ন কৌশল। এই ধরনের প্রার্থী বিন্যাস ভোটের মাঠে শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। এতে প্রকৃত রাজনৈতিক আলোচনা ও উন্নয়ন ইস্যুর বদলে শক্তির প্রদর্শনী সামনে চলে আসে, যা শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন