প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৫

হাতিয়া ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে দুদকে অভিযোগ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
হাতিয়া উপজেলা ভূমি অফিসে কর্মরত নাজির মো. হারুন ওরপে বাবলুর বিরুদ্ধে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এলাকাবাসী।
অভিযোগে উল্লেখ করা হয়, জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের বাসিন্দা মো. হারুন ওরফে বাবুল বর্তমানে জেলার হাতিয়া উপজেলা ভূমি অফিসে নাজির হিসেবে কর্মরত আছেন। অভিযোগকারীদের দাবি, মাত্র ৭-৮ বছরের চাকরি জীবনেই তিনি অস্বাভাবিকভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

লিখিত অভিযোগ অনুযায়ী, মো. হারুনের নামে ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক জমি ও বাড়ি রয়েছে। সম্প্রতি তিনি নিজ বাড়িতে প্রায় এক কোটি টাকা ব্যয়ে তিনতলা একটি ভবন নির্মাণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া তার নামে একাধিক সিএনজি অটোরিকশা, বাস এবং দোকানঘর থাকার তথ্যও অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে।

অভিযোগকারীরা আরও দাবি করেন, ভূমি অফিসে কর্মরত থাকার সুযোগে বিভিন্ন সেবা প্রত্যাশীর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে তিনি এই বিপুল সম্পদ গড়ে তুলেছেন। ভূমি সংক্রান্ত নামজারি, খতিয়ান ও অন্যান্য সেবায় ভোগান্তি সৃষ্টি করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগও আনা হয়েছে।

এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগে বলা হয়, ইতিপূর্বে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মো. হারুনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগটি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর