
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকামুখী একটি মাইক্রোবাস ডাকাতির শিকার হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা থেকে রওনা হওয়া এই যানবাহনে থাকা বিএনপি নেতাকর্মীরা মঙ্গলবার গভীর রাতে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ এলাকায় (সাইনবোর্ড সংলগ্ন) এ ঘটনার শিকার হন।
ডাকাত দলটি মাইক্রোবাসটি জোর করে থামিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বসুরহাট পৌর বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন সগির এবং নেতা নুরুল আমিন বাবুসহ আরও কয়েকজন। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। স্থানীয় লোকজনের সহায়তায় তারা পরে নিরাপদে সরে যান।
যুবদল নেতা তৌফিকুল ইসলাম তারেক বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ধরনের ডাকাতির ঘটনা নতুন নয়। খালেদা জিয়ার জানাজার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে সড়কের নিরাপত্তা আরও কঠোর করতে হবে।” জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ জানান, “এ ঘটনা আমরা শুনেছি। এর আগেও একই সড়কে অনুরূপ ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক। আমরা দাবি করছি পুলিশের টহল বাড়ানো হোক এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।”
নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম এ ঘটনাকে নিন্দা জানিয়ে বলেন, “আমাদের নেত্রীর জানাজায় যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর এমন হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এটি সড়কে সাধারণ মানুষের নিরাপত্তার ভয়াবহ অবস্থা প্রকাশ করে। দোষীদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জরুরি।”
আপনার মতামত লিখুন :