প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জানুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অপরিচ্ছন্নতার অভিযোগে জরিমানা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ, চরম অপরিচ্ছন্নতা এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রমাণ পাওয়ায় একটি বেসরকারি মেডিকেল সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একাধিক সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে উপজেলার বামনী এলাকায় অবস্থিত মেডিনোভা মেডিকেল সেন্টারে এ অভিযান পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম। পরিদর্শনে ল্যাবের রেফ্রিজারেটরে ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়, যার মধ্যে ‘Do not freeze’ লেখা থাকা সত্ত্বেও সেগুলো ফ্রিজে রাখা হয়েছিল। ডেন্টাল কক্ষে মেয়াদোত্তীর্ণ ঔষধ, পুরো সেন্টারে যত্রতত্র মেডিকেল বর্জ্য ছড়ানো এবং মারাত্মক অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়ে।

এছাড়া, প্রতিষ্ঠানে কোনো যোগ্য ল্যাব টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না এবং তাঁর নিয়োগপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। সবচেয়ে গুরুতর, মেডিকেল সেন্টারের লাইসেন্স ২০২২ সাল থেকেই মেয়াদোত্তীর্ণ। এসব অনিয়মে রোগীদের স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি সৃষ্টির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীনে মেডিনোভা মেডিকেল সেন্টারকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলে পরিশোধ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। ইনশাআল্লাহ, এর ফলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে এবং অসাধু প্রতিষ্ঠানগুলোকে নিরস্ত করা সম্ভব হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর