
উপজেলার প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বামনী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব এ.এস.এম. কামাল উদ্দিনকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার পর গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে তিনি অবসরে যান। রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: চৌমুহনী সরকারি এস এ কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুর রহিম এবং বামনী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি জনাব আবদুল হাই সেলিম।
এছাড়াও শিক্ষক পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পরিষদের সেক্রেটারি বেলাল উদ্দিন। গনিত বিভাগের সিনিয়র প্রভাষক ছিদ্দিকুর রহমান।
কলেজের গভর্নিং বডির সভাপতি এ টি এম ফিরোজ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ মোহাম্মদ আবদুল্লাহ। ইংরেজি বিভাগের প্রভাষক শাহেদা আফরোজ ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল উদ্দিন -এর সঞ্চালনায় বিদায়ী শিক্ষক জনাব কামাল উদ্দিনের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে বক্তারা আবেগপ্লুত হয়ে পড়েন।
বিদায়ী শিক্ষক জনাব এ.এস.এম. কামাল উদ্দিন ১৯৯৫ সালের ৩১ আগস্ট এই কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ তিন দশকের এই পথচলায় তিনি কলেজের শিক্ষা বিস্তার ও প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অতিথিরা বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি আদর্শ। জনাব কামাল উদ্দিন সেই আদর্শের এক মূর্ত প্রতীক হিসেবে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :