
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোম্পানীগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বসুরহাট মেট্রো টাওয়ারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি তার বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন সগীর, সহ-সভাপতি মমিনুল হক, জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনায় বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।
সভার শেষাংশে মরহুমার রুহের মাগফিরাত, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং দেশের শান্তি-স্থিতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মরহুমা খালেদা জিয়ার গত ৩০ ডিসেম্বর ইন্তেকালের পর থেকে সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ ধরনের স্মরণ অনুষ্ঠান চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :