প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ জানুয়ারি, ২০২৬

কৃষকের ফসল ধ্বংসে ভেজাল সার: সোনাইমুড়ীতে ৫০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ীতে কৃষকের ঘাম ঝরানো ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর ভেজাল ও নকল সারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারে পরিচালিত অভিযানে মাহফুজ বীজ বিপনী বিতান থেকে ১৩  বস্তা নকল ও নিম্নমানের টিএসপি সার জব্দ করা হয়। এ সময় নকল সার বিক্রি ও কৃষকদের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটির প্রোপাইটর মাহফুজ আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ক্ষতিকর সার বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানের গুদাম থেকে বিপুল পরিমাণ ভেজাল সার উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার অভিযানে নেতৃত্ব দেন। জব্দকৃত সারগুলো প্রশাসনের হেফাজতে নিয়ে বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সময়োপযোগী এ অভিযানে আমিশাপাড়া এলাকার কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় কৃষকরা জানান, সার সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। নিয়মিত অভিযান চালালে ভেজাল সার ব্যবসা বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এবং সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল, যারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার দৈনিক নোয়াখালী কথাকে বলেন,কৃষক আমাদের অর্থনীতির প্রাণ। তাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। সারের নামে বিষ বিক্রি করে যারা মাটির উর্বরতা ও ফসলের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর