
উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের অন্তর্গত ডালচরে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুখচর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নূর উদ্দিন মেশকাত। তিনি বলেন, “শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি। সুখচর উন্নয়ন ফোরামের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল ওহাব বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, “মানবতার সেবাই প্রকৃত ইবাদত। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।” সুখচর উন্নয়ন ফোরামের সভাপতি মো. রকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। বক্তারা বলেন, প্রত্যন্ত চরাঞ্চলের দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন।
শীতবস্ত্র পেয়ে উপকৃতরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজনটি এলাকায় মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসা কুড়িয়েছে।
আপনার মতামত লিখুন :