
মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডের সাবেক পেসার আজমল শাহজাদ। তিনি লর্ডসের কোচিং বিভাগে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত কাজ করেছিলেন, তারপর ডারবিশায়ারে সহকারী কোচ (বোলিং লিড) হিসেবে পাঁচ বছর কাটান।
শাহজাদ এখন লর্ডসে ফিরে এসে এমসিসির হেড কোচ হিসেবে পুরো কোচিং টিমকে নেতৃত্ব দেবেন। তাঁর লক্ষ্য হবে সব স্তরের ক্রিকেটে মানসম্মত কোচিং নিশ্চিত করা, যা অংশগ্রহণমূলক প্রোগ্রাম থেকে শুরু করে এলিট পারফরম্যান্স পরিবেশ পর্যন্ত বিস্তৃত।
সাবেক ইয়র্কশায়ার, ল্যানকাশায়ার, নটিংহ্যামশায়ার ও সাসেক্সের পেসার শাহজাদ ২০১৭ সালে নিজের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যুক্ত হন তিনি। এখন নতুনভাবে সংস্কারকৃত লর্ডস পারফরম্যান্স সেন্টার থেকে ক্লাবের ক্রিকেট কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে সব কোচিং কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
নতুন দায়িত্ব পেয়ে শাহজাদ বললেন,
‘লর্ডসে ফিরে এসে আমাদের প্রতিভাবান কোচদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। খেলোয়াড় এবং কোচ হিসেবে আমার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করি। আমি চাই আমাদের দল এবং এমসিসি সব স্তরের ক্রিকেটে প্রভাব রাখতে সক্ষম হোক।’
এমসিসির হেড অফ প্রোগ্রামস রিকি রেনল্ডস বলেন,
‘আজমলকে ফের এমসিসিতে পেয়ে আমরা আনন্দিত। একজন অভিজ্ঞ কোচ হিসেবে তিনি এমন একটি কোচিং ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবেন যা খেলোয়াড়দের বিকাশে সাহায্য করবে। লর্ডস পারফরম্যান্স সেন্টারকে বিশ্বমানের কোচিং, উদ্ভাবন ও কোচ উন্নয়নের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আপনার মতামত লিখুন :