প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ জানুয়ারি, ২০২৬

সড়কের ইট-বালু লুট: স্কুলগামী শিশুদের যাতায়াত বন্ধ

মোহাম্মদ হানিফ | নিজস্ব প্রতিনিধি,
সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গ্রামে রাতের আঁধারে নবনির্মিত একটি সড়কের ইট ও বালু লুটের অভিযোগ উঠেছে। এতে করে প্রায় ২০০ বছরের পুরোনো সড়কটি কেটে জনসাধারণের চলাচলের অযোগ্য করে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির ইটের সোলিং রাতারাতি তুলে নেওয়া হয়। যেসব ইট ও বালু বহন করা সম্ভব হয়নি, সেগুলো সড়কের পাশের খালে ফেলে রাখা হয়েছে। পাশাপাশি সড়কের মাটি কেটে নেওয়ায় পুরো পথটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পথচারীদের অভিযোগ, স্থানীয় নূর আলম চৌধুরী সড়কের জমি নিজের দাবি করে পরিকল্পিতভাবে এই কাজ করেছেন, যাতে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। ফলে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, উক্ত সড়কটি উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান যাতায়াত পথ। উলুপাড়া ও দাসবাড়ীসহ আশপাশের কয়েকটি গ্রামের অধিকাংশ শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করেই বিদ্যালয়ে যাতায়াত করে। সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসি আক্তার জানান, তিনি প্রায় এক যুগ ধরে এই সড়ক ব্যবহার করে স্কুলে যাতায়াত করছেন। শিক্ষার্থীদের জন্য এটি একটি নিরাপদ পথ ছিল। সম্প্রতি সড়কের মাটি কেটে নেওয়ায় এখন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসতে পারছে না। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০০ বছরের পুরোনো এই সড়কের পাশ দিয়ে একসময় খালে নৌকা চলাচল করত এবং এখানে একটি নৌকা ঘাট ছিল। এলাকাটি একসময় ‘কাচারি বাজার’ নামে পরিচিত ছিল। বাজার, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে মানুষ এই পথ ব্যবহার করে আসছে। পরিকল্পিতভাবে সড়কটি বিচ্ছিন্ন করায় অসুস্থ, বৃদ্ধ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি জয়াগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুশি ও উলুপাড়া গ্রামের ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। সড়কটি দ্রুত সংস্কার না করা হলে নারী ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।অভিযোগের বিষয়ে নূর আলম চৌধুরী বলেন, সড়কটি তাদের বসতঘরের জমির ওপর অবস্থিত এবং তাদের নামে খতিয়ানভুক্ত। এ কারণে সড়কে ইটের সোলিং করায় তিনি সোনাইমুড়ী থানায় প্রতিবেশী রহিম বক্স ও করিম বক্সের বিরুদ্ধে জমি দখল করে জোরপূর্বক সড়ক নির্মাণের লিখিত অভিযোগ করেছেন। তবে সড়কের মাটি কাটা ও ইট-বালু লুটের অভিযোগ তিনি অস্বীকার করেন।

অন্যদিকে অভিযুক্ত রহিম বক্স বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারি বরাদ্দের অর্থে সড়কটি নির্মাণ করছেন। আগেও সরকারি অর্থায়নে এই সড়কে কালভার্টসহ উন্নয়ন কাজ হয়েছে। তখন কেউ জমি নিয়ে আপত্তি করেনি। পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় জনপ্রতিনিধি জিয়াউর রহমান জানান, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে উন্নয়ন খাত থেকে দুই লাখ টাকা বরাদ্দে সড়কের প্রায় ৩০০ মিটার অংশে ইটের সোলিং করা হয়। কাজ শেষ হওয়ার পরদিন রাতে ইট ও বালু তুলে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর