প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জানুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাব দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো ফাইনাল

তরুণ সমাজকে মাদক থেকে দূরে সরিয়ে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করার লক্ষে “মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়”—এই স্লোগানকে সামনে রেখে সম্পন্ন হলো ‘কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাব দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।

শনিবার রাতে বসুরহাটের রবিন টাওয়ার সংলগ্ন মাঠে উপস্থিত শতশত ক্রীড়াপ্রেমী দর্শকের টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনালে মুখোমুখি হয় ‘ভয়েস অফ চিটাগাং’ এবং ‘এলিভেন স্টার’। মাঠের লড়াই শেষে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ভয়েস অফ চিটাগাংকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় এলিভেন স্টার।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক, ফ্যালকন স্পোর্টস অ্যান্ড প্রিন্ট -এর সিইও ও টুর্নামেন্টের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ক্যাপ্টেন শেখ মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের লক্ষ্য কেবল খেলাধুলা নয়, বরং একটি সুস্থ সমাজ গঠন। মাদকমুক্ত সমাজ গড়তে মাঠের লড়াই অপরিহার্য।”

এছাড়াও এই আয়োজনে বিশেষ পৃষ্ঠপোষকতায় ছিল তরুণ প্রজন্মের খেলাধুলার প্রসারে বিশেষ অবদান রাখা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকুভিশন (Equvision, USA)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের দাতা ও শাপলা ডগি স্পোর্টিং ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম তারেক, সাবেক ছাত্রনেতা শামসুল আলম রিপুল এবং বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য তাসিব খায়ের রুবেল। আয়োজক ক্লাব ‘কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাব’-এর পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি সজিব উদ্দিন সাকিব ও সেক্রেটারি নুর মোহাম্মদ টিপু।

এছাড়া ও ইকুভিশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিদয়, রুদ্র, রুবেল ও আমির সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শনিবার রাতভর চলা এই ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কৃত্রিম আলোয় দিবারাত্রির এই ক্রিকেট লড়াই পুরো এলাকায় ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

আয়োজক কমিটি জানান, বর্তমানে যুবসমাজ যখন মোবাইল আসক্তি ও মাদকের মতো নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, তখন তাদের মাঠমুখী করতেই এই আয়োজন। ভবিষ্যতে এলাকায় ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি ও তরুণদের প্রতিভা বিকাশে এমন টুর্নামেন্ট অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি, প্রাইজ মানি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর