
উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
দ্বীপ উপজেলা হাতিয়ায় হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় আইমান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (দুপুরে) সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি যাত্রীবাহী অটোসিএনজির চাপায় ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শিশুটি।
নিহত আইমান সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে। বয়সে ছোট হলেও পরিবারের সবার আদরের ছিল সে। স্থানীয়দের বরাতে জানা যায়, দুর্ঘটনার সময় আইমান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি অটোসিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। ধাক্কায় আইমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় বাংলাবাজার এলাকায় নেমে আসে শোকের ছায়া। সন্তানের নিথর দেহ দেখে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা কামাল উদ্দিন। কান্নায় ভেঙে পড়েন মা ও পরিবারের সদস্যরা। এলাকাবাসীর চোখেও ছিল অশ্রু।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাংলাবাজার এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে অটোসিএনজি চলাচল করছে। চালকদের অসচেতনতা ও কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে শিশু ও পথচারীদের নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “অটোসিএনজির চাপায় আইমান নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে স্থানীয়রা দ্রুত সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এভাবে প্রাণ হারাতে না হয়।
আপনার মতামত লিখুন :