প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ জানুয়ারি, ২০২৬

ছাত্রাবাসের নামে লিজ নিয়ে বাণিজ্যিক দোকান: সোনাইমুড়ীতে খাল দখলের মহোৎসব

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী পৌরসভার পানি নিষ্কাশনে ব্যবহৃত হয় ‘নৌকাঘাট’ খাল। একসময়ে এই খালে পণ্য নিয়ে নৌকা চলাচল করলেও বর্তমানে তা দখল-দূষণে বিলুপ্তির পথে। জেলা পরিষদের আওতাধীন এই খালের পাড় দীর্ঘদিন থেকে এক সনা (এক বছরের জন্য) ইজারা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আর এই সুযোগ কাজে লাগিয়ে ইজারা গ্রহীতারা দখল করেছে পুরো খাল। ইজারার সকল শর্তভঙ্গ করে কোটি টাকায় খালের জমি বিক্রি ও হাতবদল করেছেন ইজারা গ্রহীতারা। খালের পানি প্রবাহে বাধা দেওয়া, খাল ভরাট, শ্রেণী পরিবর্তন, আধাপাকা অবকাঠামো, পাকা স্থাপনা নির্মাণ হয়েছে অনেক আগেই।

জেলা পরিষদের এক সনা ইজারা সংক্রান্ত শর্তে উল্লেখ করা হয়েছে- ইজারা শুধুমাত্র এক বছরের জন্য কার্যকর হবে। মেয়াদ শেষ হওয়া মাত্র জমি ইজারাদারের দখলমুক্ত হয়েছে বলে গণ্য হবে। মেয়াদ শেষ হওয়ার পর ইজারা দেওয়া না দেওয়া কর্তৃপক্ষ ইচ্ছাধীন।

ইজারাকৃত জমি পাকা, আধাপাকা অবকাঠামো কিংবা স্থাপনা নির্মাণ করা যাবে না। ইজারাকৃত জমির শ্রেণী পরিবর্তন, হস্তান্তর কিংবা সাবলীজ প্রদান করলে সাথে সাথে ইজারা বাতিল হয়ে যাবে। জেলা পরিষদ কিংবা জনস্বার্থে বিনা নোটিশ ইজারা বাতিলের সর্বময় ক্ষমতা কতৃপক্ষের হাতে থাকবে। খাল, ডোবা, নালার ইজারা দেওয়া জমিতে কোন অবস্থাতে পানি প্রবাহে বাধা দেওয়া যাবে না। মাটি দিয়ে ভরাট করা যাবে না। এমন কিছু করা হলে সাথে সাথে ইজারা বাতিল হয়ে যাবে উল্লেখ রয়েছে জেলা পরিষদের ইজারা প্রদানের শর্তে।

তবে উল্লেখিত এসকল শর্ত ইজারা গ্রহীতারা বছরের পর বছর ভঙ্গ করে খাল দখল করে রাখলেও যেন মাথা ব্যাথা নেই জেলা পরিষদের। বছরের পর বছর পাকা স্থাপনা নির্মাণ করে চলমান খাল দখল এখন স্থায়ী রূপ নিয়েছে। ২০০৪ সালের পর থেকে লিজ দেওয়া খালের ওপরে ইজারার শর্ত ভঙ্গ করে পাকা স্থাপনা কিংবা শ্রেণী পরিবর্তন করলেও ব্যবস্থা নেয়নি জেলা পরিষদ।
সরেজমিনে দেখা যায়, হাইস্কুল রোড সংলগ্ন সোনাইমুড়ী বাজারের টেস্টি ট্রিটের পাশের গলি থেকে শুরু করে সোনাইমুড়ী আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের গলি পর্যন্ত খালের অংশ ব্যক্তি মালিকানায় লিজ দেওয়া হয়েছে। যার মধ্যে ৫টি দোকান রয়েছে সোনাইমুড়ী আলিয়া মাদ্রাসার নামে। বাকি ৬০টি দোকান বিভিন্ন ব্যক্তি ইজারা নিয়েছেন জেলা পরিষদের কাছ থেকে। যেখানে গড়ে তোলা হয়েছে পাকা ও আধাপাকা দোকানপাট।

সোনাইমুড়ী আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের গলি থেকে জামিয়া আশরাফিয়া দারুল মা’আরিফ মাদ্রাসা পর্যন্ত খালের অংশ সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের দখলে রয়েছে। ২০০৪ সালের ১০ জানুয়ারী সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় কতৃক জেলা পরিষদে দেওয়া ইজারার আবেদনে দেখা যায়, স্কুলটির তৎকালীন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ এমদাদুল হক। তিনি জেলা পরিষদ বরাবর স্কুলের ছাত্রাবাস, শিক্ষার্থী মিলনায়তন ও শিক্ষক নিবাসের জন্য খালেন ভেতরে বাস ও কাঠ দিয়ে ঘর তৈরীর জন্য জমি বন্দবস্ত পাওয়ার আবেদন জানান। সেই আবেদনে তৎকালীন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য এম.এ. হাসেম জেলা পরিষদের সচিবকে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।

জেলা পরিষদ কাগজে-কলমে ৩১০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রশস্তের মোট ৪৯৬০ বর্গফুট খালের পাড় একসনা বন্দবস্ত দেয় সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়কে। তবে শিক্ষক নিবাসের অযুহাতে পাওয়া বন্দোবস্তের কাগজের ওপর ভিত্তি করে বাণিজ্যিক ভাবে ২৯টি পাঁকা দোকান তৈরী করে স্কুল কর্তৃপক্ষ। পরে এককালীন ১ থেকে ৩ লাখ টাকা অগ্রিম নিয়ে স্টাম্পে চুক্তির ভিত্তিতে বিভিন্ন মেয়াদে  সাবলীজ দেওয়া হয়।

স্কুলটির ২০১৫ সাল থেকে ২০২০ সালের দেওয়া দোকান বরাদ্দের চুক্তিরপত্রে দেখা যায়, পাঁচ বছরের মেয়াদে ১২ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রশস্ত অর্থাৎ ১৯২ বর্গ ফুটের ২৯ টি দোকান বরাদ্দের জন্য এককালীন অগ্রিম প্রায় ৫০ লক্ষাধিক টাকা গ্রহণ করা হয়েছে সাবলীজ গ্রহীতাদের থেকে। যাদের মধ্যে রয়েছেন ইউসুফ হেলাল, নুরুন নবী, মারজাহান ইসলাম, রিজিয়া সুলতানা, জাহাঙ্গীর আলম, পারুল বেগম, নেয়ামত উল্লাহ মজুমদারসহ ২৯ জন ভাড়াটিয়া।

এছাড়া ২০১৫ সালের পূর্বে ২০০৪ সাল পর্যন্ত নানা ভাবে এই সকল দোকান বিভিন্ন ভাবে সাবলীজ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি দোকানী ২ হাজার থেকে শুরু করে সাড়ে ৪ হাজার টাকা মাসিক ভাড়া পরিশোধ করছে স্কুল কর্তৃপক্ষকে। শুধু তাই নয় স্কুল কর্তৃপক্ষ থেকে সাবলিজ নেওয়া ব্যক্তির কেউ কেউ বিভিন্ন অংকের এককালীন টাকার বিনিময়ে তৃতীয় পক্ষের কাছে দোকান হস্তান্তর করেছেন বলেও প্রমান মিলেছে।

এদিকে সোনাইমুড়ী হাইস্কুল রোড সংলগ্ন টেস্টি ট্রিটের পূর্ব পাশের সততা মেডিকেল হল থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের গলির মুখের মেডিসিন এন্ড সার্জিক্যাল সেন্টার পর্যন্ত ব্যক্তি মালিকানায় ইজারা দেওয়া হয়েছে। প্রায় ১৩ হাজার বর্গফুট খালের ওপরে নির্মিত হয়েছে ৬৫টি পাকা দোকান। যার প্রতি বর্গফুট ১৫ টাকা হারে একসনা ইজারা দিয়েছে জেলা পরিষদ। তবে সেই জমি কয়েক লাখ টাকায় হাতবদল হয়েছে। জেলাপরিষদ থেকে বন্দবস্ত নেওয়া খালের জমিতে দোকান তুলে তা বিক্রিও হয়েছে কয়েক হাতে। আর এই খালের ওপরে নির্মিত দোকান ভাড়ার নামে হস্তান্তর করতেই এককালিন বাণিজ্য হয়েছে কয়েক কোটি টাকার।

এর মধ্যে সততা মেডিকেল হলের স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম। তিনি গত ৫ মাস থেকে ১০ হাজার টাকা মাসিক ভাড়া ও ১০ লাখ টাকা এককালীন অগ্রিম দিয়ে দোকান চালাচ্ছেন। দোকানটি নিয়েছেন জেলা পরিষদ থেকে একসনা বন্দোবস্ত নেওয়া জাকির হেসেনের কাছ থেকে।

সততা মেডিকেলের পরের দোকান ‘মা লাইব্রেরী’। যার স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন মিন্টু। ৮-১০ বছর থেকে তিনি ১৮০ বর্গফুট জমিতে বই ব্যবসা করছেন। বিবি কুলসুম নামের এক মহিলা জমিটি জেলা পরিষদ থেতে ইজারা নিয়েছেন। তবে ৯ হাজার টাকা মাসিক ভাড়া ও ৪ লাখ টাকা এককালীন অগ্রিম পরিশোধ করে এখানে ব্যবসা করছেন সাখাওয়াত হোসেন।
পাশেই রয়েছে ‘ইশরাত মেডিকেল হল’। যেটি গত তিন বছর থেকে পরিচালনা করছেন মোঃ মিজানুর রহমান। জেলা পরিষদ থেকে ইজারা গ্রহীতা মোঃ ইউসুফ থেকে ইসমাইল হোসেনের হাত ঘুরে বর্তমানে মাসে ৭ হাজার টাকা ভাড়া ও ৫ লাখ টাকা এককালীন পরিশোধ করে দোকান হাতে পেয়েছেন তিনি।

‘মালঞ্চ পুস্প বিতান’ ১৬ হাজার টাকা মাসিক ভাড়া ও এককালীন ১০ লাখ টাকার বিনিময়ে ১৫ ফুট একটি দোকানে ব্যবসা করছেন শিবলু  আহমেদ। ‘মালতী ফুল বিতান’ এর মোঃ শামীম ৯ হাজার টাকা ভাড়া ও অগ্রিম এককালীন  ৩ লাখ টাকা দিয়ে দোকান চালাচ্ছেন। দোকানটি ভাড়া নিয়েছেন জেলা পরিষদ থেকে ইজারা নেওয়া সাহাদাত হোসেনের কাছ থেকে।
এমন ভাবে জেলা পরিষদ থেকে ব্যক্তি মালিকানাধীন এক সনা বন্দোবস্ত নেওয়া প্রায় ১৩ হাজার বর্গফুট খালের ওপরে নির্মিত ৬৫টি পাকা দোকান বিভিন্ন সময় ভাড়া বাবদ অগ্রিম এককালীন আদাই করা হয়েছে প্রায় কয়েক কোটি টাকা। আর প্রতি মাসে এসকল দোকানের ভাড়া বাবদ অর্ধ লক্ষাধিক টাকা আদাই করা হয়।

এছাড়া এর মধ্যে বন্দোবস্ত নেওয়া বেশকিছু দোকান ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে হাতবদল হয়েছে। যার সত্যতা মিলেছে বেশ কয়েকজন দোকন মালিকের সাথে কথা বলে। তাদের একজন শেখ জহির। যিনি তিন বছর পূর্বে দোকানটি মূল ইজারাদার ফজলুল হক থেকে ৮ লাখ টাকার বিনিময়ে হাতবদল করেছেন। তার পার্শ্ববর্তী দোকান মালিক ওমর ফারুক জানান, জেলা পরিষদ থেকে তার বাবা দুটি দোকানের জমি লিজ নিয়েছিলেন। তিনি একটি দোকানে মুদি-মনিহারির ব্যবসা পরিচালনা করছেন। তার বড় ভাই গত ৪ বছর পূর্বে নিজের অংশের দোকান ১০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন।

তথ্য বলছে, জেলা পরিষদ থেকে ইজারা গ্রহীতারা শর্ত ভঙ্গ করছেন কি না, সময় মত বন্দবস্ত নেওয়া জমির ইজারামূল্য পরিশোধ করছে কি না, জমির শ্রেণী পরিবর্তন কিংবা অবৈধ ভাবে ইজারা নেওয়া জমি হস্তান্তর করা হচ্ছে কি না তা তদারকির দায়িত্ব থাকে পরিষদের সার্ভেয়ারের ওপরে৷ নোয়াখালী জেলা পরিষদের সার্ভেয়ার হিসেবে ২০০৯ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন ইমরান হোসেন। জেলা পরিষদের ইজারা দেওয়া খালের ওপরে নির্মিত অবৈধ স্থাপনার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, খালের ওপরে পাকা স্থাপনা রয়েছে কি না তিনি বলতে পারেন না। পরে প্রতিবেদক ‘একুশে পত্রিকার’ পরিচয় দিলে শর্ত ভঙ্গ করে খালের ওপরে নির্মিত অবৈধ স্থাপনার বিষয়টি স্বীকার করেন। এছাড়া এসকল অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছেন বলেও জানান তিনি। তবে ইজারা বাতিলের ক্ষমতা তার কাছে নেই বলেও যুক্ত করেন।

এবিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ বলেন, ২০২৫ সালের জুন মাসের ৩০ তারিখ থেকে সকল ইজারাদারের ইজারার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এজন্য সমগ্র জেলার কোথাও জেলা পরিষদের ইজারা নবায়ন করা হয়নি। পরিকল্পনা ছিলো জেলা পরিষদের ইজারা দেওয়া খালের ওপরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার। জেলা পরিষদের ইজারা দেওয়া অধিকাংশ খালের ওপরের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে কিছু কিছু জায়গায় জরিপের সময় খাল শ্রেণীকে বিভিন্ন শ্রেণীতে পরিবর্তন করার দখল উচ্ছেদে আইনগত জটিলতা সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন প্রাকৃতিক ভাবে হয়নি খালকে কাগজে কলমে ‘দোকান’ বা ‘ভিটা’ দেখিয়ে দেওয়া হয়েছে। এসকল শ্রেণী পরিবর্তনের বিষয়ে আদালতে ৩২টি মামলা করা হয়েছে। আরো কিছু মামলা প্রকৃয়াধীন রয়েছে সেখানে সোনাইমুড়ী মৌজার খালের শ্রেণী পরিবর্তনের এই বিষয়টি থাকবে বলেও আশ্বস্ত করেন হুমায়ন রশিদ।

অনিয়ম, দুর্নীতি, আশ্বাস আর আইনের মারপ্যাচে দখল-দূষণে বিলুপ্ত হতে থাকা খালগুলো কি নিশ্চিহ্ন হয়ে যাবে? আবারো কি ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার স্বাক্ষী হবে সোনাইমুড়ীবাসী? না কি দখলদারদের থাবা থেকে মুক্ত হয়ে প্রাণ ফিরে পাবে জলনিষ্কাশনের এই প্রাকৃতিক উপশিরা গুলো? এমন প্রশ্নই উঁকি দিচ্ছে সচেতন মহলের মাঝে।

আরও পড়ুন

  • . এর আরও খবর