
উপজেলা প্রতিনিধি, সদর :
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ১০ দিন ব্যাপী বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬ ও সমাপনী কুচকাওয়াজে নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসি অংশগ্রহণ করেছে।
০৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং এবং বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সাভারের বাইপাইলস্থ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
ক্যাম্প ও কুচকাওয়াজ অনুষ্ঠানে নোয়াখালী সরকারি কলেজ বিএনসিসির তিনজন ক্যাডেট অংশগ্রহণ করে। উক্ত ক্যাম্পে ক্যাডেট সার্জেন্ট জয়া ভৌমিক সেন্ট্রাল কালচারাল সার্জেন্ট এর দায়িত্ব পালন করেন এবং ক্যাডেট কর্পোরাল সানজিদা আক্তার মুক্তা ও মমতাজ বেগম প্যারেডে অংশগ্রহণ করেন।
সেনাবাহিনী প্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার ও বিএনসিসি ক্যাডেটদের মাঝে তাঁর স্বাগত ভাষণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।
উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিএনসিসির অফিসার ও ক্যাডেটগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :